১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের কৃষি অর্থনীতিকে বেগবান করা এবং গ্রামীণ জনপদে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এ পদক্ষেপের ফলে সাধারণ কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, “বিগত সরকারের সময় কোটি কোটি টাকা লুণ্ঠনকারী ঋণখেলাপিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলেও প্রকৃত উৎপাদনকারী কৃষকরা অবহেলিত ছিলেন।”

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকার মাত্র ১৪ দিন হলো দায়িত্ব নিয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ রয়েছে, তাদের আসল ও সুদসহ সম্পূর্ণ ঋণ মওকুফ করা হয়েছে।”

তিনি জানান, এ মওকুফের ফলে যে প্রণোদনা সৃষ্টি হবে, তা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। পাশাপাশি খুব শিগগিরই ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান তিনি।

গ্রামীণ অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মার্চের শুরুতেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে প্রতি কার্ডে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে এ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে।

এছাড়া দেশের সকল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরকারি সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য আসন্ন ঈদুল ফিতরের আগেই এ কার্যক্রম শুরু করা।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ এবং সচিবালয়ে প্রবেশাধিকার সহজ করতে একটি ডিজিটাল এন্ট্রি সিস্টেম চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান সংক্রান্ত কোনো অসংগতি থাকলে তা আলোচনার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মাসউদুল হক-এর সভাপতিত্বে এবং উবায়দুল্লাহ বাদল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%