শাপলা চত্বর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

শাপলা চত্বরের ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ডে ইনুর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ জুন কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দণ্ডপ্রাপ্তি ছাড়াও শাপলা চত্বরের পৃথক এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বরের ওই হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। দেশের ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক ওই ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রসিকিউশন বর্তমানে সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই করছে এবং আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক চার্জ দাখিলের মাধ্যমে বিচারিক কার্যক্রম বেগবান হবে।

0%
0%
0%
0%