মঙ্গলবার শপথ নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ ১৭ ফেব্রুয়ারি

আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিজ্ঞাপন

রোববার সাংবাদিকদের তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমানে ধারণা করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। তবে বিষয়টি পরে নিশ্চিত করে জানানো হবে।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বেলা ১১:৩০ থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

বিজ্ঞাপন

দক্ষিণ প্লাজা বেছে নেওয়ার কারণ হিসেবে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই স্থানটির সম্পর্ক এবং প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদি-এর স্মৃতি সংরক্ষণ।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয় দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ জানিয়েছে। তবে কোনো বিদেশি প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

0%
0%
0%
0%