২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে

দেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেছে। এই হিসেবে বুধবার থেকে মুহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা উদযাপিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান বা স্পারসো থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।