যমুনা সেতু মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট ঈদে ফেরা যাত্রীদের ভোগান্তি চরমে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শুক্রবার ভোরে সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ এবং কয়েকটি ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে এই স্থবিরতার সৃষ্টি হয়, যা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে আরও প্রকট আকার ধারণ করেছে।
সকাল থেকেই সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে কামারখন্দ উপজেলার বাগবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকাগামী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ যাত্রীদের একযোগে রাজধানীতে ফেরার বাড়তি চাপের কারণে মহাসড়কে যানবাহনের আধিক্য দেখা দিয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানিয়েছেন, ঈদের ছুটি শেষে মানুষের ঘরে ফেরা ও কর্মস্থলে ফেরার চাপের পাশাপাশি দুর্ঘটনা ও যান্ত্রিক ত্রুটির ফলে মহাসড়কের স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হয়েছে। যানজট নিরসনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে বিকল্প পথে গাড়ি চলাচলের সুব্যবস্থা না থাকায় এই যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।