পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মতভেদ চরমে

পারমাণবিক কর্মসূচি পরিদর্শন এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য চরমে পৌঁছেছে। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চললেও উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য কূটনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আদায় করতে পারবে না ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখাটা যে অপরিহার্য, তা পুনরায় গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে, পারমাণবিক পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে মার্কিন দাবির কঠোর বিরোধিতা করেছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, সর্বোচ্চ পর্যায়ের নজরদারির শর্তে ইরান সম্মত হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এমন দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে।
পরমাণু চুক্তি বাস্তবায়ন এবং এর তদারকি নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থান দীর্ঘস্থায়ী অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। সমঝোতার সময়সীমা ঘনিয়ে আসলেও মূল বিরোধের জায়গাগুলোতে এখনো কোনো ঐকমত্য তৈরি হয়নি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা