তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের গৌরব নিম্নির

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস রচনা করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। নেপালের স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি চূড়ায় আরোহণ করেন। এর মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে তিনি বিশ্বমঞ্চে দেশের পতাকাকে অনন্য উচ্চতায় আসীন করলেন।
দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ ও অদম্য মানসিকতার ফসল এই সাফল্য। পেশাগত জীবনে পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি তার এই দুঃসাহসিক অভিযাত্রার মাধ্যমে ক্রীড়াঙ্গনে এক নতুন নজির স্থাপন করলেন। তার এই গর্বিত যাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল পূবালী ব্যাংক পিএলসি।
রংপুরের মেয়ে নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। হিমালয়ের প্রতিকূল আবহাওয়া এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করে তার এই বিজয়গাথা আগামী দিনের অভিযাত্রীদের জন্য নতুন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ্য যে, এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর নিম্নির এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন দেশসহ সারা বিশ্বের বাঙালিকে গর্বিত করেছে।
