রেললাইনে খড় শুকানোর বিড়ম্বনায় বিঘ্নিত ট্রেন চলাচল

রেললাইনের ওপর কৃষকদের শুকানো ধানের খড়ের কারণে চাকা পিছলে যাওয়ায় শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশজুড়ে রেলওয়ে পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রেললাইনের ওপর খড় শুকানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। মন্ত্রী জানান, আজ সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা খড়ের ওপর দিয়ে যাওয়ার সময় পিছলে গেলে রিলিফ ট্রেন পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এই জটিলতায় একটি ট্রেন ২০ মিনিট, একটি এক ঘণ্টা এবং অপর একটি ট্রেন প্রায় দুই ঘণ্টা পর্যন্ত দেরিতে গন্তব্যে পৌঁছেছে।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে রেললাইনের ওপর খড় শুকানোর প্রবণতা প্রকট। অনেক সময় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে এসব খড় সরানোর উদ্যোগ নিলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় রেলকর্মীদের। এমনকি তাদের সাথে দুর্ব্যবহারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগও রয়েছে। দেশের সব স্টেশনে কঠোর নিরাপত্তা বলয় এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর করা সম্ভব না হওয়ায় এমন ঝুঁকির সৃষ্টি হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

যাত্রীচাপ সামলানো প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ২৫ শতাংশ আসন বাড়িয়ে আরও চার হাজার যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করা হয়েছে। তবে চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল হওয়ায় কয়েক লাখ যাত্রীর চাপ সামাল দেওয়া রেলওয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও সম্ভাব্য দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ নাকচ করে রেলমন্ত্রী দাবি করেন, বর্তমান রেলসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। টিকিট কালোবাজারি বা সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং প্রকৃত যাত্রীদের কাছেই তা পৌঁছেছে। যাত্রীদের সন্তুষ্টিই রেলওয়ের সাফল্যের বড় মাপকাঠি বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হাবিবুর রশিদ হাবিব, মো. ফাহিমুল ইসলাম এবং মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সম্পর্কিত- রেল
0%
0%
0%
0%