জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘ ৪৫ বছরের পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐতিহাসিক মামলার নথিপত্র ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর হোসেন অন্যতম। বিভিন্ন বিবরণীতে উল্লেখ রয়েছে যে, সেই কালরাত্রিতে তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তার ওপর প্রথম গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে যে, তিনি দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন।

১৯৮১ সালের সেই রক্তক্ষয়ী ঘটনার পর মেজর মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে রাষ্ট্রপতির মৃত্যুর বার্তা দিয়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ অনেকে গ্রেপ্তার হলেও মেজর মোজাফফর হোসেন ও মেজর এস. এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। যদিও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিনসহ অনেকে গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হলেও দীর্ঘ প্রায় সাড়ে চার দশক অধরাই ছিলেন মোজাফফর।

ডিবি পুলিশের ভাষ্যমতে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে কোর্ট মার্শালের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তে নতুন করে গতি আসায় এই গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

০%
০%
০%
০%