সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু পরিকল্পিত নগরায়ণের পথে নতুন যাত্রা

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতার চ্যালেঞ্জ মোকাবিলা করে নগরীর ভবিষ্যৎ সম্প্রসারণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে নবগঠিত এই সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অবস্থিত হোটেল ফরচুন গার্ডেনে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা হয়। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি যৌথভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটবাসীর জন্য এটি একটি বিশেষ মাইলফলক। সরকারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থাপনা ও সিলেটের সামগ্রিক উন্নয়নে এই কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দূর করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, সংস্থাটি পরিচালনার জন্য ইতোমধ্যে রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, পদের প্রয়োজনীয়তা ও বেতন কাঠামোসহ যাবতীয় প্রবিধানমালা চূড়ান্ত করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বক্তারা সিলেটকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।

০%
০%
০%
০%