সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ ইসলাম

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ দাবি করে সরব হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদে যেহেতু অভিযোগ তোলা হয়েছে, তার প্রমাণও উপস্থাপন করতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে নাহিদ ইসলাম বলেন, “সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। ওই সময়ে আমি কিছুদিন উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরও কয়েকজন ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও তখন দায়িত্বে ছিলেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন তারা দুর্নীতির অভিযোগ তুলেছেন—যেহেতু তারা এখন সরকারে আছেন, তাদেরই এর প্রমাণ দিতে হবে।”
তিনি আরও বলেন, “নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি কোথায় দুর্নীতি করেছি—তার প্রমাণ আমি তাদের কাছে চাইছি।”
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। তার সেই বক্তব্যের প্রেক্ষিতেই ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।
নিজের বক্তব্যে বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার বয়স ২৮, আজ আমার জন্মদিন। আমি নবীন সদস্য হলেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি। ফলে অন্য সংসদ সদস্যদের মতো আমরাও সমান সম্মান ও মর্যাদা প্রত্যাশা করি।”
এ সময় স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কারও নাম উল্লেখ না করে ‘তরুণ সদস্যদের’ প্রসঙ্গ তুলেছিলেন।
এরপর প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাঁড়িয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে বলেন, “নতুন প্রজন্ম ও নতুন বাংলাদেশের কথা বললে, এমন অভিযোগ তারা আশা করে না।”
এর জবাবে নাহিদ ইসলাম পুনরায় জোর দিয়ে বলেন, “যারা এখন সরকারে আছেন, অভিযোগের প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদেরই।”
