হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রী প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের সবাই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ জামালপুরের মাদারগঞ্জের ৬১ বছর বয়সী মো. আব্দুল হাই মদিনায় মারা যান। একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর ৫৮ বছর বয়সী মো. আবদুল্লাহ আল-মামুনের মৃত্যু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে।

এর পূর্বে, ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের ৬৪ বছর বয়সী মো. খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার ৬৬ বছর বয়সী মো. সেরাজুল হক, ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম এবং ২১ এপ্রিল জয়পুরহাটের ৭৫ বছর বয়সী মো. নইম উদ্দীন মণ্ডল মারা যান।

বিজ্ঞাপন

এদিকে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন।

হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট সম্পন্ন হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। সৌদি আরবে যাত্রী পরিবহন চলবে ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা ৩০ জুন পর্যন্ত চলবে।

0%
0%
0%
0%