নিট পুনঃপরীক্ষা ঘিরে বিহারে বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস, আটক ৩০ জন

দীর্ঘ আইনি জটিলতা ও অস্থিরতা কাটিয়ে কড়া নিরাপত্তার বলয়ে গত রবিবার, ২১ জুন ভারতজুড়ে অনুষ্ঠিত হয়েছে নিট (ইউজি) পুনঃপরীক্ষা। তবে পরীক্ষার দিনই বিহারে এক বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। এই অভিযানে আসল পরীক্ষার্থীদের পরিবর্তে পরীক্ষায় বসতে আসা নয়জন ভুয়ো পরীক্ষার্থীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন কঠোর বায়োমেট্রিক যাচাইকরণের সময়ই এই জালিয়াতি ধরা পড়ে। লক্ষীসরাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে সাতজন, কেআরকে হাইস্কুল থেকে একজন এবং হাসানপুর হাইস্কুল থেকে আরও একজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃত ভুয়ো পরীক্ষার্থীরা বিভিন্ন জেলা ও ভিন রাজ্যের বাসিন্দা এবং তারা প্রত্যেকেই নামী মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এছাড়া, এই জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বায়োমেট্রিক হাজিরা রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার সাতজন কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা শাসক শৈলেন্দ্র কুমার এবং পুলিশ সুপার প্রেরণা কুমারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত বিশেষ দল এই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের মূল হোতাদের খোঁজে বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এসডিপিও শিবম কুমার জানিয়েছেন, তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে এই নেটওয়ার্কের প্রতিটি প্রান্ত উন্মোচন করতে বদ্ধপরিকর প্রশাসন।

উল্লেখ্য, গত ৩ মে প্রায় ২২ লক্ষাধিক পরীক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নিলেও প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়েছিল। এরপরই রবিবার নতুন করে এই পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনে সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয় এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করা হয়। এছাড়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রশ্নপত্র দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ভারতর বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

০%
০%
০%
০%