রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৮ মিনিটে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাদেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট তথ্যে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন রোগী।

মৃত মো. সাদেকের পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ অক্টোবর সকালে তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু শক সিন্ড্রোমের কারণে তার মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন রোগীর সংখ্যা কিছুদিন ধরে ওঠানামা করলেও এখনো উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।

০%
০%
০%
০%