খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় নতুন ২৬৬ রোগী ও দুই মৃত্যু

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের মধ্যে একজন খুলনা জেলার এবং অন্যজন ঝিনাইদহ জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, নতুন ভর্তি ২৬৬ জন রোগীর মধ্যে ২১৯ জন সরকারি হাসপাতালে এবং ৪৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক সংক্রমণের চিত্র বিবেচনায় সর্বোচ্চ ৯১ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়, যার মধ্যে ৪৪ জন সরকারি ও ৪৭ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, বাগেরহাটে ৪২ জন, যশোরে ২৭ জন, ঝিনাইদহে ১৭ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ৯ জন, মেহেরপুরে ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মাগুরায় ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১৫ হাজার ৩২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ হাজার ৬৪৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১ হাজার ২৫০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শুধু খুলনা জেলাতেই সর্বোচ্চ ৪৩৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর এমন ভয়াবহ বিস্তার রোধে এবং রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো।

০%
০%
০%
০%