রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু নতুন আক্রান্ত ৬৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. জোস্না আরা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোশংকরবাটী এলাকার বাসিন্দা জোস্না আরাকে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ২টা ১৫ মিনিটে তিনি মারা যান। চিকিৎসকরা তার মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করেছেন। হাসপাতালে ভর্তির পর এক দিনেরও কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৫ জন রোগী। নতুন রোগী ভর্তির সংখ্যা ছাড়পত্রপ্রাপ্তদের তুলনায় ২০ জন বেশি হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ ক্রমান্বয়ে বাড়ছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত ১৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু সংক্রমণ রোধে এবং চিকিৎসাধীন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

০%
০%
০%
০%