মাথার উকুন—ছোট একটি সমস্যা হলেও ভোগান্তির দিক থেকে এটি বেশ বড়। শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও বর্তমানে প্রাপ্তবয়স্কদের মাঝেও এই সমস্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা করলে এটি শুধু চুলকানিই নয়, ত্বকের সংক্রমণসহ নানা জটিলতার কারণ হতে পারে। তবে সুখবর হলো—কিছু সহজ ও নিয়ম মেনে চললে খুব অল্প সময়েই উকুন থেকে মুক্তি পাওয়া সম্ভব।
চিকিৎসকদের মতে, উকুন মাথার ত্বকে বসবাস করে এবং রক্ত শোষণ করে বেঁচে থাকে। এর ফলে মাথায় তীব্র চুলকানি হয়, বিশেষ করে রাতে সমস্যা বেশি বেড়ে যায়। দীর্ঘদিন ধরে উকুন থাকলে মাথার ত্বকে ক্ষত, লালচে ভাব এমনকি ব্যাকটেরিয়াল সংক্রমণও হতে পারে।
কেন দ্রুত ছড়ায় উকুন?
বিশেষজ্ঞদের মতে, একে অপরের সংস্পর্শে আসা, একই চিরুনি, তোয়ালে, বালিশ বা হেডগিয়ার ব্যবহার করা—এসবের মাধ্যমে উকুন খুব সহজেই ছড়িয়ে পড়ে। বিশেষ করে স্কুল, হোস্টেল বা পরিবারের মধ্যে এটি দ্রুত সংক্রমিত হয়।
উকুন দূর করার কার্যকর ও পরীক্ষিত উপায়গুলো—
প্রথমত, নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সপ্তাহে অন্তত ২-৩ বার ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উকুন নিয়ন্ত্রণে সহায়ক।
দ্বিতীয়ত, বাজারে পাওয়া মেডিকেটেড উকুননাশক শ্যাম্পু বা লোশন ব্যবহার করা যেতে পারে। এসব পণ্যে পারমেথ্রিন বা সমজাতীয় উপাদান থাকে, যা উকুন ও ডিম ধ্বংস করতে কার্যকর। তবে অবশ্যই নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।
তৃতীয়ত, প্রাকৃতিক উপায়েও ভালো ফল পাওয়া যায়। নারকেল তেল, নিমপাতার পেস্ট বা রস, এমনকি রসুনের পেস্ট মাথায় ব্যবহার করলে উকুন দুর্বল হয়ে যায় এবং সহজে দূর করা যায়। অনেক ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করেও ডিম আলগা করা সম্ভব।
চতুর্থত, সূক্ষ্ম দাঁতের বিশেষ চিরুনি (লাইস কম্ব) দিয়ে ভেজা চুল ধীরে ধীরে আঁচড়ালে উকুন ও ডিম তুলে ফেলা সহজ হয়। এই পদ্ধতি কয়েকদিন ধারাবাহিকভাবে করলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।
পঞ্চমত, ব্যবহৃত পোশাক, বালিশের কভার, তোয়ালে গরম পানিতে ধুয়ে পরিষ্কার রাখা জরুরি। এতে উকুন পুনরায় ফিরে আসার ঝুঁকি কমে।
বিশেষ সতর্কতা:
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শিশুদের ক্ষেত্রে রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। চোখ বা মুখে যেন এসব না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।
উকুনের সমস্যা যদি দীর্ঘদিন স্থায়ী হয় বা বারবার ফিরে আসে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সঠিক পদ্ধতি অনুসরণই পারে এই বিরক্তিকর সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে।