নিরাপত্তার অজুহাতে ভেন্যু বাতিলের সিদ্ধান্তে বিপাকে ইউনিয়ন সাঁ-জিলোয়াচ

ইউরোপা লিগের আসন্ন ম্যাচে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউনিয়ন সাঁ-জিলোয়াঁ ও হাপোয়েল বিয়ার-শেভার লড়াইকে ঘিরে। বেলজিয়ামের ল্যুভেন শহরের মেয়র মোহাম্মদ রিদুয়ানি নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই ম্যাচ আয়োজনে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আগামী ২২ অক্টোবর নির্ধারিত এই ম্যাচটির জন্য ইউনিয়ন সাঁ-জিলোয়াঁকে এখন নতুন ভেন্যু খুঁজে বের করতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ইউরোপা লিগের ৩৬ দলের ড্র অনুষ্ঠিত হয়। বেলজিয়ামের লিগ রানার-আপ দল ইউনিয়ন সাঁ-জিলোয়াঁ তাদের নিজস্ব ব্রাসেলস স্টেডিয়ামটি উয়েফার মানদণ্ড পূরণ করতে না পারায় ল্যুভেনে ঘরের মাঠের চারটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু শহরের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামটি খালি থাকলেও ম্যাচ আয়োজনের অনুমতি দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র মোহাম্মদ রিদুয়ানি। এর আগে বেলজিয়ামের জাতীয় দলের ক্ষেত্রেও ইসরায়েলের বিপক্ষে একই কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি।

উয়েফা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়টি অবগত রয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করেছে যে, বিকল্প ভেন্যু খুঁজে বের করার পুরো দায়িত্বটি স্বাগতিক ক্লাবের। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন ভেন্যুর নাম চূড়ান্ত করা হবে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার পর থেকেই উয়েফার নিয়ম অনুযায়ী ইসরায়েলের ক্লাব এবং জাতীয় দলগুলো তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে বাধ্য হচ্ছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বে হাপোয়েল বিয়ার-শেভা হাঙ্গেরি ও রোমানিয়ায় তাদের হোম ম্যাচগুলো খেলেছে। তবে সাধারণত ইসরায়েলি দলগুলোর অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে এমন পরিবর্তনের ঘটনা বিরল।

০%
০%
০%
০%