জুলাই শেষে মুক্তি পেতে পারে বিজয়ের শেষ সিনেমা জন নায়গন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে তামিল সুপারস্টার বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’। দীর্ঘ ছয় মাসের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তির আলোয় ফিরছে পলিটিক্যাল ড্রামা ঘরানার এই মহাকাব্যিক চলচ্চিত্রটি। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে সবুজ সংকেত পাওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, সেন্সর বোর্ডের চাহিদা অনুযায়ী কিছু দৃশ্য পরিমার্জন ও সম্পাদনার কাজ শেষ হলেই জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে আছড়ে পড়বে বিজয়ের শেষ সিনেমা। ছবিটি ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী তকমা পেতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের কর্ণধার সুপ্রীত মোহন সিনেমাটির মুক্তির সময়সীমা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বর্তমানে ডাবিং এবং কারিগরি সম্পাদনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পরিচালক এইচ বিনোদের এই উচ্চাভিলাষী প্রকল্পটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে, কারণ এটিই হতে যাচ্ছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের অভিনয় জীবনের শেষ অধ্যায়। রাজনীতির মাঠে পা রাখার পর রূপালি পর্দা থেকে বিদায় নেওয়া বিজয়কে শেষবারের মতো বড় পর্দায় দেখতে উদগ্রীব হয়ে আছেন অগণিত ভক্তরা।

সিনেমার মুক্তি নিয়ে দীর্ঘ জটিলতার নেপথ্যে ছিল সেন্সর বোর্ডের কিছু পর্যবেক্ষণ। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সশস্ত্র বাহিনীকে বিতর্কিতভাবে উপস্থাপনের অভিযোগ উঠলে ছবিটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই বাধা পেরিয়ে এখন চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সিনেমাটি। এর মাঝেই গত বছর অনলাইনে ছবির কিছু অংশ ফাঁস হওয়ার ঘটনাটি বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিল, যার জেরে তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা ১৬ জনকে গ্রেপ্তার করে।

সব বাধা কাটিয়ে পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই সিনেমায় বিজয়ের বিপরীতে পর্দা কাঁপাবেন গ্ল্যামারাস অভিনেত্রী পূজা হেগড়ে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌতম মেনন, প্রিয়া ভবানী শংকর এবং কমেডি তারকা যোগী বাবু। সব শঙ্কা কাটিয়ে জুলাইয়ের শেষ প্রান্তে বা আগস্টের শুরুতে যখন সিনেমাটি মুক্তি পাবে, তখন বক্স অফিসে এক নতুন ইতিহাস তৈরি হবে বলেই ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

০%
০%
০%
০%