বিয়ের প্রলোভনে তরুণীকে স্টুডিওতে আটকে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে নোবেল গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে প্রতারণা ও আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।

এই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান। প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে নোবেলের এই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে।

প্রতিবেদন দাখিলের দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই সর্বশেষ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২৩ সালের ২০ মে মতিঝিল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শরীয়তপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা দায়ের হয়। কয়েকদিন রিমান্ড ও কারাগারে থাকার পর ২২ মে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-এর মাধ্যমে আলোচনায় আসেন নোবেল। তবে গত কয়েক বছর ধরে একের পর এক আইনি জটিলতা, ব্যক্তিগত বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের কারণে তার ক্যারিয়ার চাপে পড়ে। মূলধারার স্টুডিও ও স্টেজ শো থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া এই শিল্পী মাঝেমধ্যে নতুন গান প্রকাশের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নানা বিতর্কে তা চাপা পড়ে যায়। সর্বশেষ এই গ্রেপ্তারের ঘটনায় তার সংগীতজীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

০%
০%
০%
০%