Advertisement

ছয় বছর পর নতুন রোমান্টিক নাটকে খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামাল

মিডিয়া পাড়ার অলিগলিতে দীর্ঘ ছয় বছরের পথচলা। ২০২০ সালের ভালোবাসা দিবসের এক রোমান্টিক আবহে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামাল। তখন তাঁরা দুজনেই ছিলেন অভিনয় জগতের উঠতি তারকা, ক্যারিয়ারের অনিশ্চয়তা আর লড়াইয়ে ব্যস্ত। সময়ের স্রোতে ভেসে আজ তাঁরা বিনোদন অঙ্গনের জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম। ছোট পর্দা থেকে ওটিটি কিংবা সিনেমা—সবখানেই তাঁদের পদচারণায় মুগ্ধ দর্শক। এই দুই তারকার রসায়ন এবার নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাম চূড়ান্ত না হওয়া আসন্ন একটি রোমান্টিক নাটকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন বাসার ও সুনেরাহ্।

শুটিংয়ের ফাঁকে স্মৃতিচারণ করতে গিয়ে সুনেরাহ্ যেন কিছুটা নস্টালজিক হয়ে পড়েন। ক্যারিয়ারের শুরুর সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, ছয়টি বছর চোখের পলকে পার হয়ে গেল। তখন কিছুই জানতাম না সামনে কী অপেক্ষা করছে। বাসার এখনো সেই আগের মতোই শান্ত ও লক্ষ্মী একটি ছেলে। তবে অভিনয়ে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। বাসারের এই উত্তরোত্তর উন্নতিই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

পাশে বসে থাকা খায়রুল বাসারও যেন সুনেরাহ্র প্রশংসায় পঞ্চমুখ। সুনেরাহ্র স্বভাবের কোনো পরিবর্তন হয়নি দাবি করে বাসার জানান, সে এখনো আগের মতোই প্রাণবন্ত। কথা শুরু করে মাঝপথে রহস্যময় হাসি হেসে চুপ হয়ে যায়, যা তাদের খুনসুটির এক দারুণ অংশ। সহশিল্পী হিসেবে সুনেরাহ্ অত্যন্ত মেধাবী এবং সহযোগিতাপরায়ণ বলে মন্তব্য করেন এই অভিনেতা। তাদের মধ্যকার এই সহজ ও সাবলীল বোঝাপড়াই পর্দায় দর্শকদের হৃদয় জয় করে নেয়।

সাম্প্রতিক সময়ে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে দেবর-ভাবির চরিত্রে তাঁদের রসায়ন দারুণভাবে পছন্দ করেছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই চাহিদা, বাসার ও সুনেরাহ্কে কেন নিয়মিত জুটি হিসেবে দেখা যায় না? দর্শকদের এমন দাবির প্রেক্ষিতে সুনেরাহ্ জানান, ভালো গল্পের অপেক্ষায় আছেন তাঁরা। নির্মাতারা এখন নিয়মিত তাঁদের একসঙ্গে কাজের প্রস্তাব দিচ্ছেন, তাই সামনেই হয়তো নতুন কোনো চমক নিয়ে পর্দায় হাজির হবেন এই জুটি। ছয় বছর আগে ‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকের মাধ্যমে যে রসায়নের সূচনা হয়েছিল, তার রেশ এখনো দর্শকদের মাঝে অমলিন। সময়ের সাথে পরিপক্ব হয়ে ওঠা এই দুই শিল্পী এখন নতুন করে দর্শকদের মনে জায়গা করে নিতে প্রস্তুত।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%