বক্স অফিসে ঝড় তুললেও আইএমডিবি রেটিংয়ে পিছিয়ে যশের টক্সিক

সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই শত কোটি রুপির মাইলফলক স্পর্শ করে সিনেমাটি অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। তবে বিপুল এই আয়ের বিপরীতে সিনেমাটির আইএমডিবি রেটিং দর্শকদের ভাবিয়ে তুলেছে। নামিদামি এই প্ল্যাটফর্মে সিনেমাটি মাত্র ৪.৩ রেটিং পেয়েছে, যা ইয়াশের গতানুগতিক ব্লকবাস্টার সাফল্যের তুলনায় বেশ হতাশাজনক।
বিশ্লেষকদের মতে, ইয়াশের বিশাল ভক্তকুলের জোয়ারেই সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে, কিন্তু বিষয়বস্তু এবং নির্মাণশৈলী নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট। আইএমডিবি রেটিংয়ের এই দৌড়ে ইয়াশ কেবল পিছিয়েই পড়েননি, বরং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ এবং নিজেরই কালজয়ী সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর কাছে বড় ব্যবধানে হেরেছেন। ৮.২ রেটিং নিয়ে এই দুটি সিনেমা দর্শকদের হৃদয়ে যে শক্ত অবস্থান গড়ে নিয়েছে, ‘টক্সিক’ সেখানে অনেকটাই ম্লান।
মূলত ‘টক্সিক’ সিনেমাটির মুক্তির সময় ঘিরেই তৈরি হয়েছিল এক তুমুল উত্তজনা। ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময়সূচীতে পরিবর্তন আসে। যদি একই দিনে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ মুক্তি পেত, তবে বক্স অফিসে এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতো চলচ্চিত্রপ্রেমীরা। ইয়াশের এই নতুন ছবির দুর্বল রেটিং নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মার একটি পোস্ট ঘি ঢেলেছে আগুনে।
রাম গোপাল ভার্মা তার এক পোস্টে পরোক্ষভাবে ‘টক্সিক’-এর দুর্বল চিত্রনাট্যকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। তিনি ‘ধুরন্ধর ২’ সিনেমার প্রশংসা করার পাশাপাশি যখন বিষয়টি নিয়ে মন্তব্য করেন, তখন থেকেই অনলাইন দুনিয়ায় শুরু হয় এই দুই সিনেমার তুলনা। বিশেষ করে ইয়াশের নিজের অতীত সাফল্য ‘কেজিএফ ২’-এর ৮.২ রেটিংয়ের সাথে ‘টক্সিক’-এর ৪.৩ রেটিংয়ের তুলনা টেনে অনেকেই বলছেন, ইয়াশ বক্স অফিসে বড় রেকর্ড গড়লেও গুণগত মানের বিচারে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে ইয়াশের ক্যারিশমায় ভর করে বক্স অফিসের এই সাফল্য কতদিন ধরে রাখতে পারে ‘টক্সিক’, এখন সেটাই দেখার বিষয়।
