হলিউডের নতুন ধারার সিনেমায় ফিরছে যৌনতা ও সম্পর্কের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

হলিউডের রূপালি পর্দায় দীর্ঘ সময় ধরে একধরনের রক্ষণশীলতা জেঁকে বসেছিল। গত কয়েক দশকে তথাকথিত মূলধারার সিনেমায় যৌনতার উপস্থিতি কমে এসেছিল উল্লেখযোগ্য হারে। কিন্তু ২০২৬ সালের সিনেমা যেন সেই দীর্ঘ নীরবতা ভেঙে নতুন এক অধ্যায়ের সূচনা করছে। যৌনতা, আকাঙ্ক্ষা, ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মপরিচয়ের জটিল সমীকরণ এখন আর নিষিদ্ধ কোনো বিষয় নয়, বরং আধুনিক চলচ্চিত্র নির্মাণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে।
যৌনতাকে কেবল শরীরী আবেদন বা উত্তেজক কোনো অনুষঙ্গ হিসেবে নয়, বরং চরিত্রের মনস্তাত্ত্বিক বিবর্তন ও সম্পর্কের জটিল রসায়নের প্রতিফলন হিসেবে তুলে ধরছেন বর্তমান সময়ের নির্মাতারা। গ্রেগ আরাকির ‘আই ওয়ান্ট ইয়োর সেক্স’ এই ধারার এক সাহসী উদাহরণ। নব্বইয়ের দশকের ‘নিউ কুইয়ার সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ আরাকি এই ছবিতে শিল্পজগতের এক ইন্টার্ন এলিয়ট এবং তার বয়সে বড় নিয়োগকর্তা এরিকা ট্রেসির মধ্যকার অনুচিত সম্পর্ককে কেন্দ্র করে যৌনতা ও আধিপত্যের নতুন বয়ান তৈরি করেছেন।
হালিনা রেইনের ‘বেবিগার্ল’ সিনেমায় নিকোল কিডম্যানের অনবদ্য অভিনয় দর্শককে নতুন করে ভাবতে বাধ্য করে। একজন ক্ষমতাবান করপোরেট নির্বাহীর ব্যক্তিগত জীবনের অতৃপ্তি এবং তার কর্মস্থলের তরুণ কর্মীর সঙ্গে সম্পর্কের সমীকরণটি এখানে ক্ষমতা ও নিয়ন্ত্রণের এক জটিল ক্রীড়া হয়ে ধরা দেয়। অন্যদিকে হ্যারি লাইটনের ‘পিলিয়ন’ সিনেমায় এক লাজুক তরুণ সমকামী পুরুষের প্রেমের গল্পে যৌনতা হয়ে উঠেছে আবেগ ও প্রত্যাশার এক মেলবন্ধন।
চলচ্চিত্র সমালোচক ট্রাভিস উডস যথার্থই বলেছেন, সিনেমা আবারও যৌনতানির্ভর হয়ে উঠছে, তবে তা আশি বা নব্বইয়ের দশকের গৎবাঁধা আঙ্গিকে নয়। বর্তমানের চলচ্চিত্র যৌনতাকে নিয়ে আসছে সচেতনভাবে, যেখানে ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’-এর উপস্থিতিতে দৃশ্যায়নগুলো হয়ে উঠছে অনেক বেশি মার্জিত এবং অর্থবহ। অলিভিয়া ওয়াইল্ডের ‘দ্য ইনভাইট’ ছবিতে যেমন দাম্পত্যের সংকট ও মুক্তমনা সম্পর্কের আলোচনা উঠে আসে, সেখানে যৌনতা হয়ে ওঠে চরিত্রগুলোর মানসিক অবস্থা বোঝার প্রধান মাধ্যম।
নারী এবং কুইয়ার নির্মাতাদের হাত ধরে এই ধারার সিনেমাগুলোতে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বদলে আত্মপরিচয় খোঁজার প্রবণতা বাড়ছে। এই চলচ্চিত্রগুলো একই সঙ্গে যৌন আকাঙ্ক্ষার আনন্দের পাশাপাশি এর সঙ্গে যুক্ত অস্বস্তি, ভুল, বিব্রতকর পরিস্থিতি এবং মনস্তাত্ত্বিক আঘাতের দিকগুলোকেও নির্দ্বিধায় পর্দায় তুলে আনছে। চরিত্রগুলো তাদের যৌন কল্পনার ভেতর দিয়ে নিজেদের সত্তাকে নতুন করে আবিষ্কার করছে, যা দর্শকদের জন্য নিয়ে আসছে এক ভিন্নধারার ও বাস্তবধর্মী চলচ্চিত্র অভিজ্ঞতা। সব মিলিয়ে, যৌনতা এখন আর কেবল পর্দায় প্রদর্শনের বিষয় নয়, বরং মানুষের জীবনের জটিলতাকে পাঠ করার এক নতুন ভাষা।
