পর্দায় ফিরছেন বিজয় সালগাঁওকর আসছে দৃশ্যম দ্য কনক্লুশন

বলিউডের সাসপেন্স থ্রিলার ঘরানার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। প্রথম দুই পর্বের অভাবনীয় সাফল্যের পর দর্শককুল অধীর আগ্রহে প্রহর গুনছিলেন গল্পের চূড়ান্ত পরিণতি দেখার জন্য। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছে বিজয়ের রহস্যময় জগত। চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। উল্লেখ্য, দৃশ্যম মহাবিশ্বে ২ অক্টোবর তারিখটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা এই সিরিজের ভক্তদের কাছে এক আবেগের নাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন অজয় দেবগন। পোস্টারে অভিনেতার তীক্ষ্ণ চাহনি এবং গম্ভীর অভিব্যক্তিতে ফুটে উঠেছে পরিবারের জন্য সর্বস্ব বাজি রাখা এক বাবার প্রতিচ্ছবি। সেখানে লেখা রয়েছে, ‘মেরা সাচ মেরা সেহি সির্ফ মেরি ফ্যামিলি হে’—যা ইঙ্গিত দিচ্ছে, এবার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজয় সালগাঁওকর কতটা মরিয়া হয়ে উঠবে।
স্টার স্টুডিওস এবং প্যানোরামা স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। চিত্রনাট্য লিখেছেন আমিল কীয়ান খান এবং পারভেজ শেখ। অলোক জৈন, অজিত আন্ধারে ও কুমার মঙ্গত পাঠকের সাথে যৌথভাবে প্রযোজনাতেও রয়েছেন অভিষেক। গোয়ার বাসিন্দা সাধারণ এক কেবেল অপারেটর বিজয় সালগাঁওকরের বুদ্ধিদীপ্ত লড়াইয়ের গল্পকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই থ্রিলার।
তৃতীয় কিস্তিতে আইকনিক বিজয় সালগাঁওকর চরিত্রে বরাবরের মতোই ফিরছেন অজয় দেবগন। এছাড়া আইজি মীরা দেশমুখের চরিত্রে টাবু এবং নন্দিনীর ভূমিকায় শ্রেয়া সরণকে আবারও দেখা যাবে। রজত কাপুরের পাশাপাশি নতুন সংযোজন হিসেবে অভিনয়শিল্পীদের তালিকায় নাম লিখিয়েছেন প্রকাশ রাজ এবং জয়দীপ আহলাওয়াত। বর্তমানে ছবিটির দৃশ্যধারণ শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
উল্লেখ্য, ২০১৫ সালে মালয়ালাম সিনেমার রিমেক হিসেবে যাত্রা শুরু করা ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বক্স অফিসে ৩৪২ কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস রচনা করে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় কিস্তিটি রহস্য উন্মোচনের চূড়ান্ত পর্যায় হিসেবে দর্শককে আবারও মন্ত্রমুগ্ধ করবে বলেই প্রত্যাশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
