Advertisement

কৌন বনেগা ক্রোড়পতিতে ৫০ লাখ জয় আইআইটি মেধাবী যোগেশ সাহুর

ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র অষ্টাদশ সিজন এখন উত্তেজনার পারদ চড়াচ্ছে। সম্প্রতি শো-এর হটসিটে বসে দর্শকদের মুগ্ধ করলেন আইআইটি বোম্বের কৃতি ছাত্র যোগেশ সাহু। ছত্তিশগড়ের ভাতাপাড়ার এই মেধাবী যুবক নিজের বুদ্ধি ও উপস্থিত বুদ্ধির জোরে খেলেছেন দুর্দান্ত। শেষ পর্যন্ত ১ কোটি টাকার একটি জটিল প্রশ্নে আটকে গিয়ে ৫০ লাখ টাকা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

খেলার শেষ পর্যায়ে সমস্ত লাইফলাইন হারিয়ে ফেলার পর যোগেশের সামনে ছিল ১ কোটি টাকার সেই বিশাল বাধা। অমিতাভ বচ্চন তাঁকে প্রশ্ন করেছিলেন, ১৯৪৩ সালে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ভাদোদারার মহারাজার মালিকানাধীন কোন ঘোড়াটি প্রথম ‘ইন্ডিয়ান ডার্বি’ জিতেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যোগেশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ‘এলিমিনেশন লজিক’ ব্যবহার করে তিনি ভেবেছিলেন প্রশ্নে যেহেতু ঘোড়াকে নির্দেশ করা হয়েছে, তাই ‘প্রিন্সেস বিউটিফুল’ নামটি উত্তর হতে পারে না। শেষমেশ তিনি ‘প্রিন্স প্রদীপ’ অপশনটি বেছে নিয়ে ভুল করেন। অথচ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা সেই সঠিক উত্তরটি ছিল ‘প্রিন্সেস বিউটিফুল’।

বিজ্ঞাপন

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ১৯৪৩ সালের ৩০ জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত প্রথম ইন্ডিয়ান ডার্বিতে বাজিমাত করেছিল মহারাজা গায়েকওয়ারের মালিকানাধীন এই মাদী ঘোড়াটি। অস্ট্রেলিয়ান জকি এগার ব্রিট এবং ট্রেনার এম সি প্যাটেলের নিপুণ তত্ত্বাবধানে প্রিন্সেস বিউটিফুল কেবল সেই দৌড়ই জেতেনি, বরং ইন্ডিয়ান ১০০০ গিনি এবং ২০০০ গিনিতেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল।

যোগেশের ব্যক্তিগত জীবন সংগ্রামের গল্পটি সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান যোগেশ; তাঁর বাবা একজন গাড়িচালক, যাঁর মাসিক আয় মাত্র ২০ হাজার টাকা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া এই যুবক নিজের মেধার জোরে আইআইটি বোম্বে থেকে পড়াশোনা শেষ করে ১৮ লাখ টাকার লোভনীয় চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু আইএএস অফিসার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে সেই চাকরি প্রত্যাখ্যান করেছেন তিনি।

বিজ্ঞাপন

আজকের গেম শোতে ১ কোটি টাকা অধরা থাকলেও ৫০ লাখ টাকার এই বিশাল অংক তাঁর পরিবারের স্বচ্ছলতার পথে বড় ভূমিকা রাখবে। জীবনযুদ্ধের মঞ্চে মেধা আর স্বপ্নের মিশেলে যোগেশ সাহু যেন এক নতুন অনুপ্রেরণার নাম হয়ে উঠলেন।

0%
0%
0%
0%