প্রতারণার মামলায় সালমান খান ও আলভিরাকে চণ্ডীগড় আদালতের তলব

বলিউডের ভাইজান সালমান খান এবং তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে ঘিরে দানা বেঁধেছে নতুন আইনি জটিলতা। চণ্ডীগড়ের একটি জেলা আদালত প্রতারণার এক মামলায় তাঁদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছে। আগামী ৫ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে তাঁদের এই অভিযোগের জবাব দিতে হবে। কেবল সালমান ও আলভিরাই নন, একই সঙ্গে ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও এই শুনানিতে তলব করা হয়েছে।
পুরো ঘটনাটির সূত্রপাত অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ীর অভিযোগ থেকে। তাঁর দাবি, সালমান খানের জনপ্রিয় ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গয়নার শোরুম খোলার প্রলোভন দেখিয়ে তাঁকে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। ব্র্যান্ডটির খ্যাতির ওপর আস্থা রেখে তিনি প্রায় তিন কোটি রুপি বিনিয়োগ করেন, যার এক কোটি রুপিরও বেশি ব্যয় হয় শুধু শোরুম তৈরির পেছনে। কিন্তু অভিযোগকারীর ভাষ্যমতে, চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গয়না সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন তিনি।
প্রতারণার এই অভিযোগটি অবশ্য নতুন নয়। দীর্ঘ সময় পুলিশের দ্বারে ঘুরেও সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন এই ব্যবসায়ী। যদিও ‘বিয়িং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই চুক্তিতে সালমান বা আলভিরার কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। তাদের ভাষ্যমতে, সালমান খান ফাউন্ডেশন কেবল ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স প্রদান করেছিল, ব্যবসা পরিচালনার যাবতীয় দায়িত্ব ছিল লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর। এখন পর্যন্ত সালমান বা আলভিরার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা ঘিরে উত্তাল সিনেপাড়া।
আইনি প্যাঁচে জড়ালেও কর্মক্ষেত্রে সালমান খান বরাবরের মতোই ব্যস্ত। খুব দ্রুতই তাঁকে দেখা যাবে পরিচালক ভামশি পেড্ডিপল্লির নতুন অ্যাকশনধর্মী ছবি ‘এসভিসি ৬৩’-তে। এই সিনেমায় দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে ভাইজানের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অন্যদিকে, অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় তাঁর বিপরীতে চিত্রাঙ্গদা সিং ও অঙ্কুর ভাটিয়াকে অভিনয় করতে দেখা যাবে। ৫ অক্টোবরের আদালতের শুনানি এবং নতুন সিনেমার কাজ—সব মিলিয়ে আপাতত আলোচনার কেন্দ্রে সালমান খান।
