শিক্ষক দিবসে পর্দায় আসছেন ডাক্তার কাকু ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রসেনজিতের নতুন সিনেমা

টালিউডের বরেণ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। ‘অভিমান’ সিনেমায় রকস্টারের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পর এবার তিনি দর্শকদের উপহার দিতে চলেছেন ‘ডাক্তার কাকু’। রথের পুণ্য তিথিতে সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টার শেয়ার করে নিজেই এই নতুন সিনেমার ঘোষণা দিলেন ইন্ডাস্ট্রি খ্যাত এই তারকা।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, রাতের গাঢ় অন্ধকারে একা বাইক চালিয়ে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। পরিচালক পাভেলের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর শিক্ষক দিবসের বিশেষ দিনে মুক্তি পাবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের পোস্টে আশ্বস্ত করে লিখেছেন, ‘চিন্তা নেই, আর অপেক্ষা করতে হবে না, ডাক্তার কাকু আসছে। শিক্ষক দিবসে শিক্ষা শুধু শ্রেণিকক্ষেই নয়, বরং সিনেমার পর্দাতেও উঠে আসবে।’

পোস্টারের আবহে রহস্যের গন্ধ থাকলেও এটি স্পষ্ট যে, সিনেমাটি একজন নির্ভীক ও সৎ মানুষের গল্প বলবে, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মুমূর্ষু রোগীদের সেবায় নিজেকে উজাড় করে দেন। মানবিকতা আর কর্তব্যের এক সংবেদনশীল আখ্যান নিয়ে আসছে এই ছবিটি।

সিনেমায় প্রসেনজিতের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এনা সাহা, ঋদ্ধি সেন, সুচন্দ্রা, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এছাড়া পরিচালক পাভেলকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। মেটাট্রন প্রোডাকশন হাউজ, এনা সাহা এবং বনানী সাহার প্রযোজনায় তৈরি এই সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

বিজ্ঞাপন

দীর্ঘ চার বছর অপেক্ষার পর প্রিয় অভিনেতার নতুন ছবি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের উচ্ছ্বাস বলাই বাহুল্য। ‘ডাক্তার কাকু’-র পাশাপাশি ‘সাজঘর’ ও ‘প্রতিপক্ষ’-এর মতো প্রতীক্ষিত সিনেমাগুলোও দ্রুত মুক্তি পাবে—এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা। রুপালি পর্দায় প্রসেনজিতের নতুন এই অবতার দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

0%
0%
0%
0%