Advertisement

শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ এমপি মুজিবুর রহমানের

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার দুপুরে দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের শরীর, মন ও আত্মার উন্নয়ন ঘটিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে মন্তব্য করেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমন এক প্রজন্ম তৈরির কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান, যারা মেধার পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হবে। পরিশেষে তিনি দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের শিক্ষার মানোন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মো. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা ও স্কুলের পরিচালক মোসা. জান্নাতি খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উক্ত আয়োজনে অংশ নিয়ে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%