সীতাকুণ্ডে আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পেল ২৯ মেধাবী শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা ২৯ জন শিক্ষার্থীকে ‘আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে। জেএএম সংস্থার উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধাতালিকা অনুযায়ী এবারের পরীক্ষায় মেধা গ্রেডে ৫ জন, ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১২ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেলে একই প্রাঙ্গণে আয়োজিত হয় পরিচিতি পর্ব, শিক্ষা সেমিনার ও সুধী সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিক অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফলের ওপর নির্ভর না করে অর্জিত মেধা ও দক্ষতাকে ভবিষ্যৎ কর্মজীবনের পাথেয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আসলাম চৌধুরী বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের কেবল বৃত্তির অর্থের ওপর সীমাবদ্ধ না রেখে মেন্টরশিপ ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে উচ্চশিক্ষার পথ সুগম করা প্রয়োজন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে এবং এজন্য আন্তর্জাতিক মানের শিক্ষাবিদদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে হবে।
সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সভায় প্রবীণ শিক্ষাবিদদের জ্ঞান ও অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের মেন্টর হিসেবে ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননার পাশাপাশি এলাকার শিক্ষা প্রসারে ভূমিকা রাখা প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
