টঙ্গীতে মহাসড়কে অচেতন বাউলশিল্পী সুমী নিজেই মদ্যপানের কথা স্বীকার করলেন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের দুই যুবকের মাঝখানে অচেতন অবস্থায় দেখা যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত হয়েছে। ২৬ বছর বয়সী ওই তরুণীর নাম সাহেনা বেগম সুমী, যিনি পেশায় একজন বাউলশিল্পী। তিনি টঙ্গীর বউবাজার এলাকায় নিজের বড় বোনের বাসায় থেকে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেন।
গত বৃহস্পতিবার ভোরে মহাসড়কে মোটরসাইকেলে অচেতন অবস্থায় ওই তরুণীর পা ঝুলে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর টঙ্গী পশ্চিম থানা পুলিশ তদন্তে নামে। পরে শনিবার দুপুরে তরুণী নিজেই থানায় হাজির হয়ে ঘটনার বর্ণনা দেন।
জিজ্ঞাসাবাদে সুমী জানিয়েছেন, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে তিনি নিজেই উত্তরার জসিমউদ্দীন এলাকার একটি বারে গিয়ে মদ্যপান করেছিলেন। তিনি জানান, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার পূর্বপরিচিত চাচা। মদ্যপানের পর অসুস্থবোধ করলে তিনি তাদের কল করেন এবং তারাই তাকে উদ্ধার করে মিরপুরে বান্ধবীর বাসায় রেখে আসেন।
তরুণী আরও অভিযোগ করেন, তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তরুণী বর্তমানে স্বাভাবিক আছেন এবং মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের পর তাকে তার বড় বোনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
