Advertisement

গণপতি চক্রবর্তী পরিবার হত্যায় অভিযুক্তদের পক্ষে লড়বেন না রংপুর আইনজীবী সমিতি

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর আইনজীবী সমিতি। শনিবার সকালে নগরীর আইনজীবী ভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি স্পষ্ট করে বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনজীবী সমিতির কোনো সদস্যই আসামিপক্ষকে আইনি সহায়তা প্রদান করবেন না।

সংবাদ সম্মেলনে আইনজীবী নেতৃবৃন্দ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এ নিয়ে আইনজীবী সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িকভাবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না। তবে মামলার তদন্ত প্রক্রিয়া এবং পরবর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই সিদ্ধান্তের বিষয়ে পুনরায় পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো মহলে যেন রাজনৈতিকীকরণের অপচেষ্টা না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের নাম উঠে এসেছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দায় স্বীকার করেছেন। তবে তদন্তাধীন বিষয় হওয়ায় চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, আইনজীবীরা অর্থের বিনিময়ে অন্যায়ের পক্ষে কাজ করেন—এমন ধারণা ভ্রান্ত। বরং শিক্ষক পরিবারের এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

আইনজীবী সমিতির সভাপতি সাহেদ কামাল ইবনে খতিব, সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলীসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে প্রকৃত দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%