নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নামছেন সরকারি কর্মচারীরা, ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি

নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন দেশের সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে আগামী ১২ জুন সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা জানিয়েছেন, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত গেজেট প্রকাশ করে সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, গত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এই সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি বেড়েছে ১০৮ শতাংশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “২০১৫ সালের বেতন কাঠামো নিয়ে ২০২৬ সালে এসে কর্মচারীদের পক্ষে সংসারের ব্যয়ভার বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান বাস্তবতায় নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

সংবাদ সম্মেলনে আরেক নেতা মো. ওয়ারেছ আলী বলেন, বিগত সরকার নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারও পে-কমিশন গঠনের আশ্বাস দিলেও গেজেট প্রকাশ না করে ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ রেখে পরবর্তী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করবে—এমন বক্তব্য দিয়ে দায়সারা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তর থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি কর্মচারীদের মানবিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন-এর সমন্বয়ক ও চেয়ারম্যান মো. সেলিম মিয়া, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি-এর সভাপতি মো. রফিকুল আলম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন-এর সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার-সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সরকারি কর্মচারীদের এই ঘোষণার ফলে নবম পে-স্কেল ইস্যুতে আগামী কয়েক সপ্তাহে রাজধানীতে নতুন করে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0%
0%
0%
0%