বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার সর্বাত্মক কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বর্তমান সরকার সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশে জেবিআইসির একটি শাখা কার্যালয় খোলার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় জেবিআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় জেবিআইসির একটি পূর্ণাঙ্গ কার্যালয় খোলার অনুরোধ জানানো হলে, জাপানি প্রতিষ্ঠানটির গভর্নর প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

০%
০%
০%
০%