চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহত্তম পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়িক বিরোধের জেরে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে ওপর হামলা চালিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন রিয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ী এবং শ্রমিক দলের সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
আহত ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী জসীমউদ্দীন প্রকাশ আরমানের নেতৃত্বে সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, দিদারুল আলম প্রকাশ কালুদিদার এবং আবু সালেহ আবিদের সরাসরি অংশগ্রহণে এই হামলা চালানো হয়। এছাড়া এই ঘটনায় আরও ছয় থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তার ওপর এই হামলা চালানো হয় উল্লেখ করে জাকির হোসেন জানান, তাকে হত্যার উদ্দেশে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় এবং এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এই ন্যক্কারজনক হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। ঘটনার পরপরই রিয়াজউদ্দিন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের জোরালো দাবি জানান তারা।
এ বিষয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, “আমাদের সমিতির সদস্য জাকিরের ওপর চালানো এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে বণিক সমিতির পক্ষ থেকে সব ধরনের আইনি ও সাংগঠনিক সহযোগিতা প্রদান করা হবে।” কোতোয়ালী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।