ঝালকাঠির রাজাপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) এবং মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রাজাপুর উপজেলা মৎস্য বিভাগের একটি দল বিষখালী নদীর ভবানীপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ শিকার করার সময় ওই দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের আটককৃত মাছ ও জালসহ উপজেলা মৎস্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে দোষ স্বীকার করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাত আরা মৌরী জানান, জাতীয় সম্পদ মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মাঠপর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছে। আইন অমান্য করে যারা প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারে লিপ্ত হবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার মাধ্যমেই দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি পায়। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে নদীতে সব ধরনের ইলিশ শিকার বন্ধ রাখা জরুরি। অসাধু চক্র যতই চেষ্টা করুক না কেন, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া নিশ্চিত করা হবে।