মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাগেরহাটের মোংলায় চোরাই মালামালসহ স্থানীয় জনতার হাতে আটক দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাকিল হাওলাদারকে (২২) এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং মো. আবুল হোসেনকে (২৩) ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ে বলা হয়েছে, জরিমানা অনাদায়ে দুজনকেই আরও এক মাস করে অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে মোংলা পৌরসভার রিজেকশন গলি এলাকা থেকে চোরাই মালামালসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়। এরপর সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হাওলাদারের পিতা মো. শামীম হাওলাদার এবং আবুল হোসেনের পিতা মো. আমজাদ হোসেন বলে পুলিশ জানিয়েছে।

আটকের সময় ওই যুবকদের কাছ থেকে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি গ্রেডিং মেশিন, একটি সেলাই রেঞ্চ, একটি মাঙ্কি রেঞ্চ, পাঁচটি এল-রেঞ্চ এবং ৪৮ ইঞ্চি লম্বা একটি ওয়েল্ডিং ক্যাবল। এই চোরাই সরঞ্জামগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, মোংলা ও রামপাল এলাকায় মাদক কারবারি, চোর ও অন্যান্য অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না উল্লেখ করে তিনি বলেন, চুরি ও মাদকের মতো অপরাধে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে তিনি সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, চোরাই মালামালসহ আটক দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা বজায় থাকলে মোংলা অঞ্চলে চুরি ও মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

০%
০%
০%
০%