লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বেধড়ক পেটানোর চাঞ্চল্যকর ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আবদুর রহমান শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক। অন্যদিকে, ভুক্তভোগী জুয়েল হোসেন নীরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, একটি মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সাহাপুর এলাকায় একটি সালিসে বসে উভয়পক্ষ। সালিস চলাকালীন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে জুয়েলের ওপর হামলা চালান এবং তাকে এলোপাতাড়ি লাঠিপেটা করেন। গুরুতর আহত অবস্থায় গত রোববার রাত সাড়ে ১২টার দিকে জুয়েল সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে, সেখানেও ধাওয়া করে তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালান শাহেদ ও তার অনুসারীরা।

হাসপাতালের ভেতরে ঢুকে রোগীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত শাহেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে ভুক্তভোগী জুয়েলের বাবা মো. শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত আবদুর রহমান শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চাঞ্চল্যকর এই মামলার প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

০%
০%
০%
০%