রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় সংঘটিত অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত এই কমিটির অপর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পিও আতিকুল ইসলাম।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা রোববার দিনব্যাপী পীরগাছা শাখাটি সরেজমিনে পরিদর্শন করে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা ব্যাংকে সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
তদন্ত চলাকালে গ্রাহকদের কাছে ব্যাংকের সেবার মান, শাখা ব্যবস্থাপকের আচরণ, চেকবই প্রদান এবং ঋণসংক্রান্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। এ সময় কয়েকজন সেবাগ্রহীতা শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণ ও নানাভাবে হয়রানি করার গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
ভুক্তভোগী গ্রাহক রুবেল মিয়া তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত অনিয়মের চেয়েও বড় ধরনের অনিয়মের সঙ্গে শাখা ব্যবস্থাপক সরাসরি জড়িত রয়েছেন। এছাড়া সাধারণ গ্রাহকদের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশে বাধা দেওয়া হলেও দালাল চক্র ও ঘনিষ্ঠ ব্যক্তিদের অবাধ যাতায়াতের সুনির্দিষ্ট অভিযোগ কমিটির কাছে তুলে ধরা হয়।
তদন্ত কমিটির প্রধান এজিএম কামাল পাশা জানান, মহাব্যবস্থাপকের নির্দেশে গঠিত এই কমিটি সরেজমিনে গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রকৃত সত্য উদঘাটন করছে। সংগৃহীত তথ্য ও অভিযোগগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে খুব শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।