মুন্সিগঞ্জের সদর উপজেলার দশকানিতে শিশুখাদ্য কাঁচা চিপস তৈরিতে অত্যন্ত ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের দায়ে সোমবার (১৯ অক্টোবর) দুটি অবৈধ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত প্রায় আড়াই হাজার কেজি ভেজাল চিপস জব্দ করে তা ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো—রাজধানী চিপস ও ভাই ভাই চিপস। বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলো জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ উপাদান মিশিয়ে শিশুখাদ্য তৈরি করে আসছিল। উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে বিএসটিআইয়ের কোনো অনুমোদন, লেবেল বা মার্কিং ছাড়াই এসব পণ্য গোপনে বাজারজাত করা হচ্ছিল।
অভিযানে অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি কাঁচা চিপস জব্দ করে জনসম্মুখে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করেন বিএসটিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বাস্থ্য রক্ষায় বিচারকের তাৎক্ষণিক নির্দেশ অনুযায়ী মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভেজাল চিপস উৎপাদনকারী ওই কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দেয়।
অভিযানকালে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।