পটিয়ায় পিডিবির ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের কাগজীপাড়া এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া লাইনের তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় বাসিন্দা মো. ইয়াকুবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই এলাকায় পিডিবির একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। এই পরিস্থিতিতে অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে এলে ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

এদিকে এই দুর্ঘটনার জন্য পিডিবি কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ ও নিহত ইমনের প্রতিবেশী মো. মহিউদ্দিন অভিযোগ করে জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। কিন্তু সংযোগ চালু থাকা অবস্থায় সচল লাইনে হাত পড়ায় এই প্রাণহানি ঘটে। তাদের দাবি, পিডিবির কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সঠিক সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।

অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী জানান, পিডিবিকে না জানিয়ে এলাকার কেউ গাছের ডালপালা কাটার সময় বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পিডিবির লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গেলেও এর আগেই ইমন নামের ওই যুবক সচল লাইনে হাত দেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এদিকে, অবহেলার কারণে তরতাজা এক যুবকের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের দায় নিরূপণ এবং দ্রুত যথাযথ আইনি ব্যবعস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%