ইতালি থেকে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় সাভারের সবুজবাগ এলাকা থেকে কাজী জাবের (৩৪) নামের এক প্রবাসী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। এ ঘটনায় নিখোঁজের বাবা বাচ্চু কাজী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর ইতালি থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে নিজ দেশে ফেরেন কাজী জাবের। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকেই স্বজনরা সাভারের বিভিন্ন বন্ধু ও আত্মীয়-স্বজনের বাড়িতে তার খোঁজ নিতে শুরু করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার থানায় শরণাপন্ন হন তার পরিবার।
নিখোঁজ প্রবাসীর বাবা বাচ্চু কাজী গভীর উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, 'আমাদের একটি সুখের সংসার ছিল। কারো সঙ্গেই আমাদের কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কেন আমার ছেলে এমনভাবে নিখোঁজ হলো, তা কিছুতেই বুঝে উঠতে পারছি না।' একমাত্র সন্তানকে ফিরে পেতে পাগলপ্রায় হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, প্রবাসীর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। জাবেরকে অক্ষত অবস্থায় খুঁজে বের করতে এবং ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত এই প্রবাসীর সন্ধান চেয়ে পরিবার ও স্থানীয় এলাকাবাসী প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।