ফরিদপুরের সদরপুর উপজেলায় বিষাক্ত সাপের দংশনে আলমগীর ওঝা (৪৫) নামের এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমগীর ওঝা উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের সত্তার ওঝার ছেলে। পেশায় ইজিবাইকচালক হলেও বাপ-দাদার সূত্রে সাপ ধরার নেশা ও পেশার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শয়তানখালী ঘাটের চরে সাপের খবর পেয়ে সেখানে যান আলমগীর। এ সময় একটি বিষাক্ত সাপকে নির্বিষ দাঁড়াশ মনে করে খালি হাতে ধরার চেষ্টা করলে সাপটি তাকে দংশন করে। সাপটি শনাক্ত করতে গিয়ে তিনি মারাত্মক ভুল করেছিলেন, কারণ সেটি নির্বিষ দাঁড়াশ নয় বরং অত্যন্ত বিষধর কালাচ সাপ ছিল।
দংশনের শিকার হওয়ার পর আলমগীর হাসপাতালে না গিয়ে প্রথমে তার ওঝা বাবা সত্তার ওঝার কাছে যান। স্থানীয়দের দাবি, বাবা সাত্তার ওঝা দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা চালান। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একপর্যায়ে আলমগীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরে তাকে প্রথমে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং তিনি ইতোমধ্যে নিহতের বাড়ি পরিদর্শন করেছেন।