মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল (৮) ও মিহি আক্তার (৭) নামের দুই কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল উলুকান্দা গ্রামের আল মামুন মিয়ার মেয়ে এবং মিহি আক্তার একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তারা উভয়েই স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জান্নাতুল ও মিহি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ওই সময় পরিবারের সদস্যরা ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন।

পরে অচেতন অবস্থায় শিশু দুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন। একসাথে দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০%
০%
০%
০%