AdvertisementAdvertisement

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের নুরুল আফছার

ব্যবসায়িক উদ্ভাবন এবং করপোরেট নেতৃত্বে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আফছার। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এশিয়ার বিভিন্ন দেশের ৫০ জন মেধাবী ও উদীয়মান করপোরেট নেতাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসায়িক উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা রাখছেন।

নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ২৮টি দেশের প্রায় ২৮০ জন করপোরেট ব্যক্তিত্ব ও সিইও অংশগ্রহণ করেন। কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভান্দি অনুষ্ঠানটির উদ্বোধন করেন। এশীয় অঞ্চলের ব্যবসায়িক পরিমন্ডলে তরুণ নেতৃত্বের দক্ষতা ও উদ্ভাবনী কৌশলকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Advertisement
বিজ্ঞাপন

ইলেক্ট্রো মার্ট গ্রুপের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দশকেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিকস খাতের উন্নয়ন ও সম্প্রসারণে মো. নুরুল আফছার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন বিপণন কৌশল অবলম্বন, পণ্য বৈচিত্র্য আনয়ন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব স্থাপন এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন কার্যক্রম প্রসারিত করার ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

আন্তর্জাতিক এই সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. নুরুল আফছার বলেন, বৈশ্বিক অঙ্গনে এই স্বীকৃতি লাভ তাঁর জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। এই অর্জন তাঁকে আগামী দিনে আরও অধিকতর দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তিনি সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত- পুরস্কার
0%
0%
0%
0%