নিউ ইয়র্কে আবাসন সংকট মোকাবিলায় ১০ লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত

নিউ ইয়র্ক সিটির প্রায় ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে শহরটির ‘রেন্ট গাইডলাইনস বোর্ড’। মেয়র জোহরান মামদানির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালনা পর্ষদের ৭-১ ভোটে এই প্রস্তাব অনুমোদিত হয়। এই সিদ্ধান্তের ফলে আগামী এক ও দুই বছর মেয়াদের লিজ চুক্তির আওতাধীন অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া আর বাড়বে না, যা আবাসন সংকটে জর্জরিত সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে মেয়র মামদানি এটিকে নিউ ইয়র্ক সিটির ভাড়াটেদের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। এই ভাড়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর হার, শ্রমিকের মজুরি এবং বর্তমান বাজার মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলো বিবেচনায় নিয়েছে বোর্ড। সাধারণত ১৯৪৭ থেকে ১৯৭৪ সালের মধ্যে নির্মিত এবং কমপক্ষে ছয়টি ইউনিট রয়েছে এমন ভবনগুলো এই ভাড়া-নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতাভুক্ত, যা শহরের মোট ভাড়াবাড়ির প্রায় ৪১ শতাংশ।

তবে এই যুগান্তকারী সিদ্ধান্তকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরটির আবাসন খাতে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভোটের মাত্র দুদিন আগে বোর্ডের অন্যতম সদস্য এবং বাড়ির মালিকদের প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথ পদত্যাগ করেন, যিনি সাবেক মেয়র এরিক অ্যাডামস কর্তৃক নিযুক্ত হয়েছিলেন। এক চিঠিতে স্মিথ অভিযোগ করেন যে, বোর্ডটি তার পেশাদার স্বাধীনতা হারিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতির নাটকীয় বাস্তবায়ন নিশ্চিত করতেই আগে থেকে নির্ধারিত এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

এই ভাড়া স্থগিতকরণ ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সদস্যরাও। সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর আমলে দায়িত্ব পালন করা আবাসন বিশেষজ্ঞ অ্যালেক্স শোয়ার্টজ ‘দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজ’-এ প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ভাড়া বাড়াতে না দিলে বিশেষ করে ছোট ও মাঝারি বাড়ির মালিকেরা তীব্র আর্থিক সংকটে পড়বেন। এর ফলে তারা ভবনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ করতে পারবেন না, যেখানে বর্তমানে প্রায় ৯ শতাংশ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট জরুরি সংস্কারের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বোর্ডের নবনিযুক্ত চেয়ারপারসন চ্যানটেলা মিচেল এই পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন যে, বোর্ড সম্পূর্ণ স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করেছে। তবে আবাসন খাতের বিশ্লেষকদের একাংশ সতর্ক করেছেন যে, নিয়ন্ত্রিত ফ্ল্যাটগুলোর ভাড়া বৃদ্ধির ওপর এই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত অনিয়ন্ত্রিত আবাসন খাতের ভাড়া আরও বাড়িয়ে দিতে পারে। কারণ বাড়ির মালিকেরা তাদের সম্ভাব্য লোকসান পুষিয়ে নিতে মুক্ত বাজারের ভাড়াবাড়িগুলোর ওপর চাপ সৃষ্টি করবেন।

এই দীর্ঘমেয়াদি আবাসন সংকট মোকাবিলায় মেয়র মামদানির প্রশাসন এখন সাশ্রয়ী মূল্যের নতুন আবাসন নির্মাণের ওপর জোর দিচ্ছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জানান, বাজারে নতুন ফ্ল্যাটের সরবরাহ বাড়িয়ে সামগ্রিক ভাড়ার বাজারে ভারসাম্য ফিরিয়ে আনাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি জমিতে দ্রুত আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই একটি নতুন কর্মসূচি চালু করা হয়েছে, যা নির্মাণকাজের সময়সীমা প্রায় আট মাস থেকে দুই বছর পর্যন্ত কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

0%
0%
0%
0%