মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল রোববার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৩৬ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় পুষ্টি সপ্তাহকে সামনে রেখে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলবে।
ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলায় মোট ২১৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং তাদের কাজের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকবেন ২৭ জন সুপারভাইজার। এছাড়া শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় আলাদাভাবে ২০টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।
শনিবার সকালে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এই বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব ও কারিগরি দিকগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. সুভাস দেবনাথ স্নিগ্ধ। সভায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।