গাজীপুরের টঙ্গীতে প্রয়াত কবি আল মুজাহিদীর জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অসামান্য অবদান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের টঙ্গী অঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি আল মুজাহিদী তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাহিত্যকীর্তি আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা কবির আদর্শ ও সৃষ্টিকর্ম তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংবাদিক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। আয়োজনে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ টঙ্গী পশ্চিম শাখার সভাপতি মো. মতিন তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব শাখার সভাপতি আদনান জায়েদ।
বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন গাজীপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খান, সহ-সভাপতি মেহেদী হাসান সিরাজ, রাজনৈতিক বিশ্লেষক অদ্রি আলাউদ্দিন, চলচ্চিত্র পর্ষদের নির্বাহী সদস্য মো. শাহজাহান শোভন, সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, কবি মাওলানা আল আমিন, ফয়সাল মো. মাসউদ ও মোজাহার হোসেনসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাওয়াদ বিন মতিন। আলোচনা পর্ব শেষে প্রয়াত কবির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কবি আল মুজাহিদীর স্মৃতি সংরক্ষণ এবং তাঁর সাহিত্যচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।