মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জিরা লুটের ঘটনায় জাহেদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল পুরানবাজার এলাকায় জিরার চালানবাহী একটি কাভার্ডভ্যান আটকে চালক ও হেল্পারকে জিম্মি করে এই লুটপাটের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমানের অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন কাভার্ডভ্যানটি পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ ৩-৪ জন দুষ্কৃতকারী পথরোধ করে। এ সময় তারা প্রাণনাশের ভয় দেখিয়ে চালক ও হেল্পারের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ১৬০ বস্তা জিরার চালানসহ কাভার্ডভ্যানটি ছিনিয়ে নেয়। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় চালক ও হেল্পারকে নামিয়ে দিয়ে দুষ্কৃতকারীরা মালামালসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী আফজালুর রহমান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করার পর শনিবার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ শহরের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে জাহেদ আলীকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাহেদ আলী পূর্বে শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে তাকে আগেই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।