হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত আহত ৮ এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকায় বুধবার দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এরশাদ উল্লাহ নামের এক সিএনজি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সিএনজি অটোরিকশায় করে হাটহাজারী সদরের দিকে ফিরছিলেন। পথে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ সকল যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই সিএনজিচালক এরশাদ উল্লাহর মৃত্যু হয়।

নিহত এরশাদ উল্লাহ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুমারীকুল এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কান্তি মজুমদার জানান, হাসপাতালে নেওয়ার আগেই চালক এরশাদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%