Advertisement

টঙ্গীতে মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা রগ কাটা অবস্থায় উদ্ধার

গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদক ব্যবসার বিরোধের জেরে নূরুল ইসলাম (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে এবং সপরিবারে টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় যুবকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই নূরুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে একদল যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তী সময়ে রাত পৌনে ১২টার দিকে গোপালপুরের একটি বালুর মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গুরুতর জখম অবস্থায় তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেওয়া হলে স্বজনরা দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%